
খাগড়াছড়ির দীঘিনালায় ‘Increasing Access to Improved WASH Services in Bangladesh’ শীর্ষক IWASH প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, charity: water-এর অর্থায়নে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা HELVETAS Swiss Intercooperation Bangladesh-এর কারিগরি সহযোগিতায় তৃণমূল উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। চলতি বছরের এপ্রিল থেকে দীঘিনালা উপজেলায় প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত এর কার্যক্রম চলবে।
সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অবহিত করা হয়। একই সঙ্গে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা। বিশেষ অতিথি ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ধনেশ্বর দেওয়ান ও হেলভেটাস বাংলাদেশের টেকনিক্যাল অফিসার দীপ্তিময় চাকমা। এ ছাড়া দীঘিনালা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য অভিজিৎ চাকমা, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পুষ্পলিকা চাকমাসহ স্থানীয় কার্বারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় অক্ষয়মুনি পাড়ায় দুটি হ্যান্ডপাম্পসহ কূপ স্থাপন, মুসলিম পাড়া ও দক্ষিণ পুকুরঘাট এলাকায় আর্সেনিক ও আয়রন অপসারণের জন্য পানি পরিশোধন ব্যবস্থা, বিদ্যালয়ে পানি সরবরাহ, ওয়াশ ব্লক ও হাইজিন কর্নার নির্মাণ এবং সৌরচালিত পানি সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
আল আমিন, (খাগড়াছড়ি) দীঘিনালা প্রতিনিধি: 




















