
আন্তর্জাতিক মেধা অন্বেষণ মঞ্চে বাংলাদেশের নাম উচ্চতায় নিয়ে গেছে লামা নুনারবিল মডেল প্রাইমারি স্কুল ৪র্থ শ্রেণির ছাত্রী খুদে জিনিয়াস মানহা বিনতে মঈন উদ্দিন। থাইল্যান্ডের পাতায়ায় আয়োজিত সম্মানজনক ‘আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতা’য় বিশ্বের বিভিন্ন দেশের প্রখর মেধার প্রতিযোগীদের পেছনে ফেলে গৌরবময় সিলভার মেডেল (রৌপ্য পদক) জয় করেছে সে।
মানহা পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন-এর অত্যন্ত আদরের কন্যা।
আন্তর্জাতিক সাফল্যের এই পথচলা শুরু হয়েছিল জাতীয় পর্যায় থেকে। ‘স্মার্ট ব্রেইন বাংলাদেশ’ আয়োজিত জাতীয় এবাকাস প্রতিযোগিতায় অংশ নিয়ে মানহা সারা দেশের মধ্যে ৭ম স্থান অর্জন করে। জাতীয় স্তরের এই অসাধারণ পারফরম্যান্সই তাকে আন্তর্জাতিক মেগা মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা এনে দেয়।
থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে উঁচিয়ে ধরে দেশের জন্য এই আন্তর্জাতিক সম্মান বয়ে আনায় লামাসহ দেশজুড়ে এই খুদে মেধাবী প্রসংশা কুড়িয়েছেন, স্বজন শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের বন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সুধীমহলে প্রশংসায় ভাসছে এই খুদে শিক্ষার্থী।
মানহার এই অনন্য অর্জনে লামা উপজেলার সর্বস্তরের মানুষ, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় গুণীজনরা তাকে ও তার পরিবারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সকলেই এই মেধার সঠিক মূল্যায়ন ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে তার উত্তরোত্তর সাফল্য এবং ভবিষ্যতে দেশের সম্মান আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য শুভকামনা ব্যক্ত করেছেন।
নিজস্ব সংবাদদাতা: 



















