
মাঠে হোক প্রতিযোগিতা, হৃদয়ে থাকুক ভ্রাতৃত্ব, এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির বরকল উপজেলার ভুষনছড়ায় পাহাড়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে উদ্বোধন হলো “আরাফাত রহমান কোকো স্মৃতি সৌখিন ফুটবল টুর্নামেন্ট–২০২৬”।
“মাঠে হোক প্রতিযোগিতা, হৃদয়ে থাকুক ভ্রাতৃত্ব”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।
ভুষনছড়া আইডিয়াল কলেজের উদ্যোগে বরকল উপজেলার ভুষনছড়া এলাকায় আয়োজিত এ টুর্নামেন্টে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ভুষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরকল উপজেলা শাখার সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, ক্রীড়াপ্রেমী, বরকল উপজেলা বি এনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজারসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, প্রতিযোগিতাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সম্মান বজায় রেখে একটি সুন্দর ক্রীড়া আয়োজন উপহার দেবে এ টুর্নামেন্ট।
১০টি দলের অংশগ্রহণে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি সৌখিন ফুটবল টুর্নামেন্ট–২০২৬” ঘিরে বরকলের ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি এ আয়োজন পাহাড়ের সম্প্রীতি ও বহুত্ববাদী সংস্কৃতির এক সুন্দর মিলনমেলায় পরিণত হয়েছে। উল্লেখ্য আজকের উদ্বোধনী ম্যাচে ভুষনছড়া আইডিয়াল কলেজ দল ২ (দুই) -০ (শুন্য) গোলে ভুষনছড়া রাইজিং ক্লাব কে পরাজিত করে।
বরকল (রাঙ্গামাটি) সংবাদদাতা: 




















