
বাঘাইছড়ি সংবাদদাতা:-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম জুপ্পুই এলাকায় প্রভাতী ত্রিপুরা (১৮)কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা দেয় বিজিবি। এর ফলে সৃষ্টিকর্তা তরুণীর জীবন ফিরিয়ে দিলেন।
অসুস্থ তরুণীর স্বামী রুহিম ত্রিপুরার সাথে কথা বলে জানাযায় শুক্রবার রাতে তার স্ত্রী হঠাৎ পেট ব্যাথায় ছটফট করতে থাকে। কিছু বুঝে উঠার আগেই জ্ঞান হারায় সে।
আশপাশে কোন কমিউনিটি ক্লিনিক বা হাসপাতাল না থাকায় স্ত্রীর প্রাণ বাঁচাতে চিকিৎসার জন্য ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের জুপ্পুই বিওপিতে ছুটে এসে সংবাদ দিই। সংবাদ পেয়ে কালক্ষেপণ না করেই ৫৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দিক নির্দেশনায় অসুস্থ তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দীর্ঘ পথ পায়ে হেটে বিওপিতে আনা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পৌঁছে দেয়া হয়।
বিজিবির এমন মানবিক পদক্ষেপের ফলে মুমূর্ষু অবস্থা থেকে প্রভাতী ত্রিপুরা নতুন জীবন ফিরে পায়। এই ঘটনায় জুপ্পুই এলাকাবাসী বিজিবিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন ‘সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে বিজিবি পাহাড়ে বসবাস কারী পাহাড়ি জনগোষ্ঠীর মানবিক চিকিৎসা সেবা নিশ্চিত করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রভাতী ত্রিপুরার চিকিৎসা সেবা দেওয়া হয়েছে; ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।’
Reporter Name 




















