
চরফ্যাশন উপজেলার দুলারহাট মডেল কলেজে ডিগ্রি (পাস) পরীক্ষায় অসদুপায় বা নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্র পরিদর্শকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দান এবং দায়িত্বরত পুলিশের ওপর হামলার অভিযোগে দুলারহাট থানায় ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছেন পুলিশ ।এরা হলেন, জাহিদ (২২) এবং রাসেল (২০) ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুলারহাট মডেল কলেজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষার চলকালীন সময়ে কয়েকজন পরীক্ষার্থী অবৈধ উপায়ে নকল করার চেষ্টা করেন। এ সময় কক্ষে দায়িত্বরত পরিদর্শক ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের বাধা দেন এবং নকলের খাতা জব্দ করেন।পরীক্ষা শেষে এই ঘটনাকে কেন্দ্র করে অসন্তুষ্ট পরীক্ষার্থী ও তাদের সহযোগী একদল বহিরাগত যুবক লাঠিসোঁটা নিয়ে কলেজ ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়।
দায়িত্বরত পুলিশ সদস্যরা কেন্দ্র থেকে বের হওয়ার পরপরই ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা আকস্মিক তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং হামলা চালায়। হামলায় ডিউটিতে থাকা পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্য কে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
দুলারহাট থানা পুলিশ জানায়, সরকারি কর্মচারীদের ওপর হামলা ও আইন-শৃঙ্খলা বিঘিœত করার অপরাধে দুলারহাট পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে মামলাটি করা হয়েছে। মামলায় এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা মিলিয়ে মোট ২০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছেন পুলিশ।
এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, পরীক্ষায় নকল করতে না পেরে অপরাধীরা পরিকল্পিতভাবে পুলিশের ওপর এই অনাকাঙ্ক্তি হামলা চালিয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দোষীদের গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। পরীক্ষার হলের পবিত্রতা রক্ষায় প্রশাসন কোনো ধরনের আপস করবে না।বর্তমানে কলেজ ও আশপাশের এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে থানা প্রশাসন নিশ্চিত করেছে।
নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা) 



















