
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকা থেকে বিশ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৪ আগস্ট সকাল ৯টার দিকে সীমান্ত পিলার-৩৯ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হাঙ্গরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি টহলদল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। তবে অভিযানের সময় এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবি।
নিজস্ব সংবাদদাতা: 




















