
শিলক খাল রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) বিকালে প্রেসক্লাব চত্ত্বরে সামনে রাজবিলা সচেতন এলাকাবাসী ও শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘শিলক খাল রক্ষা করুন, বালু উত্তোলন বন্ধ করুন’ এই দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। এতে অংশ নেন নারী পুরুষসহ এলাকাবাসীরা।
বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ, শিলক খাল থেকে বালু উত্তোলনের ফলে খালের স্বাভাবিক পরিবেশ ও পানি প্রবাহ হুমকির মুখে পড়ছে। এর প্রভাব পড়তে পারে কৃষি, পরিবেশ ও স্থানীয় জনজীবনেও। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানান তারা।
মানববন্ধনের বক্তারা বলেন, শিলক খাল স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। খাল থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে খালের স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। শিলক খাল শুধু একটি জলাধার নয়, এটি স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ।
খাল রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে এর ক্ষতি আরও ভয়াবহ হতে পারে।তাই অবৈধ বালু উত্তোলন বন্ধ করে খাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন এলাকাবাসীরা।
মানববন্ধনে শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ সভাপতি উসাই নু মারমা, সাধারণ সম্পাদক উমংহ্লা উথিসিং মারমাসহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদদাতা: 




















