
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আচার মা মনসা পূজাকে কেন্দ্র করে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী পাল্টাপুথি। ধর্মীয় আবেগ, লোকজ সংস্কৃতি, সুর, ছন্দ ও কথার অপূর্ব মেলবন্ধনে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা থেকে সারারাত মুখর ছিল রাইখালী বাজার শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির প্রাঙ্গণ।

প্রতি বছরের মতো এবারও রাইখালী বাজারের সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় এ ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আয়োজন। রাতভর চলা পাল্টা পুথিঁকে ঘিরে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় ভক্তি ও উৎসবমুখর পরিবেশ।
ঐতিহ্যবাহী এ পাল্টা পুথিঁতে অংশ নেন চন্দনাইশের বিশিষ্ট কবিয়াল শ্রী জগদীশ সরকার এবং রাঙ্গুনিয়ার স্বনামধন্য গায়ক শ্রী অরুণ বিশ্বাস। তাঁদের প্রাণবন্ত পরিবেশনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ফুটে ওঠে লোকজ সংস্কৃতির বৈচিত্র্য। সঙ্গে যন্ত্রশিল্পীদের অনবদ্য পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। বিশেষ করে বাংলা ঢোলে বিশিষ্ট বাদক রাজীব আচার্য্যের পরিবেশনা নজর কাড়ে দর্শকদের।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে মনসা পুথি পাঠ করেন রাইখালী শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরের পুরোহিত মিলন চক্রবর্তী, কাপ্তাই উপজেলা জগন্নাথ মন্দিরের সভাপতি আশীষ দাশ, কেপিএম কয়লার ডিপু হরি মন্দিরের অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক সুভাষ মল্লিক এবং গীতাপাঠক অনিন্দ্য পাল।

ধর্মীয় পুথি পাঠ, পালাগান ও ভক্তিমূলক পরিবেশনার মধ্য দিয়ে মা মনসার মাহাত্ম্য, ধর্মীয় বিশ্বাস, পৌরাণিক কাহিনি ও সনাতনী সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। সুর ও কথার ছন্দময় উপস্থাপনায় কখনো আবেগ, কখনো ভক্তি, আবার কখনো লোকজ ঐতিহ্যের প্রাণবন্ত আবহে মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।
এ সময় রাইখালী বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক ভক্ত ও দর্শনার্থী মন্দির প্রাঙ্গণে সমবেত হন। রাতভর তাঁরা উপভোগ করেন ধর্মীয় পুথি পাঠ ও পাল্টাপুথির এই ঐতিহ্যবাহী আয়োজন।
আয়োজকরা জানান, প্রাচীনকাল থেকে চলে আসা এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শুধু ধর্মীয় বিশ্বাসের প্রকাশ নয়, বরং সনাতনী সম্প্রদায়ের লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধকে ধরে রাখারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
বিশেষ করে নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মা মনসা পূজাকে ঘিরে প্রতি বছর রাইখালী বাজারে অনুষ্ঠিত এই পাল্টাপুথি স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি করে এক ভিন্নধর্মী ধর্মীয় আবহ। পুরোনো ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এবারও সারারাতব্যাপী এ আয়োজন ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
ঝুলন দত্ত: সিনিয়র রিপোর্টার কাপ্তাই রাঙ্গামটি 




















