
পার্বত্য দুর্গম এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে খাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও বিনামূল্যে ফার্স্ট এইড কিট বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১০ আগস্ট) দিনব্যাপী দীঘিনালা জোনের উদ্যোগে বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বাবুছড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে তিনজন করে মোট ২৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন।

তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসাসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ কারণে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা তৈরি করা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় মানুষ জরুরি সময়ে নিজেরা প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন। পাশাপাশি আশপাশের মানুষের সহযোগিতায়ও এগিয়ে আসতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

প্রশিক্ষণে দুর্ঘটনা, আঘাত, রক্তপাত, অজ্ঞান হওয়াসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রয়োজনীয় ফার্স্ট এইড কিট বিনামূল্যে বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, দুর্গম এলাকায় জরুরি মুহূর্তে অনেক সময় দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হয় না। এ অবস্থায় স্থানীয়ভাবে প্রশিক্ষিত ব্যক্তিরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিতে পারলে গুরুতর পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি জটিলতা ও প্রাণহানির ঝুঁকি কমানো সম্ভব।
এদিকে, প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে তাঁদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
আল আমিন 




















