
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-র ত্রি-বার্ষিক নির্বাচন আজ শনিবার (আট আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে।
সকাল আটটায় স্থানীয় মমতাজুল উলুম আলিম মাদ্রাসায় শুরু হয় নির্বাচনী কার্যক্রম। এতে ৪২৯ জন ভোটার রয়েছেন। নির্বাচনে চারটি পদে নয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে আট জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত নির্বাচনটি তত্ত্বাবধান করছে ঈদগাঁও উপজেলা সমবায় অফিস।

নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, দুপুর দুইটাই এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিকেল চারটা পর্যন্ত চলবে নির্বাচন। আইন- শৃঙ্খলা রক্ষায় ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে পুলিশ ও আনসার দল উপস্থিত রয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওবাইদুর রহমান (মোটর সাইকেল), আলতাজ হোসেন (বাঘ) এবং হাফিজুর রহমান বাবলু (চেয়ার)। সহ-সভাপতি পদে ২ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন মোহাম্মদ নাছির উদ্দীন (আনারস) ও মোহাম্মদ আবদুল আলম (গোলাপ ফুল)।
সাধারণ সম্পাদক পদেও ২ প্রার্থী রয়েছেন। প্রার্থীরা হলেন নুর মোহাম্মদ নুরী (ছাতা) এবং মোহাম্মদ ইয়াছিন মানিক (দোয়াত-কলম)।

অর্থ সম্পাদক পদের প্রার্থীও ২ জন। মোহাম্মদ রমজান মিয়া (ঘোড়া) এবং ওয়াহিদ হাসান (ফুটবল)। নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
বাজারবাসী আশা করছেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের পছন্দের ও যোগ্য প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা। ব্যবসায়ীদের প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধিরা বাজারের ব্যবসায়ীদের স্বার্থ, নিরাপত্তা রক্ষা ও সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
ভোটাররা যোগ্য ও সৎ নেতৃত্ব বেছে নিয়ে শাহ ফকির বাজারকে আরও সুন্দর, নিরাপদ ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যাশা করেছেন সচেতন মহল।

নির্বাচন কমিশন সূত্র জানায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া সহ ছয় জন নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন পরিচালনা অন্তর্বর্তী কমিটিতে উপজেলা সমবায় কর্মকর্তা ও ডাক্তার হামিদ সহ তিন জন রয়েছেন।
মোঃ রেজাউল করিম (কক্সবাজার) ঈদগাঁও 




















