
বান্দরবানের দুর্গম এলাকায় প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক প্রসূতি সেবা নিশ্চিত করার লক্ষ্যে নবনিযুক্ত মিডওয়াইফদের দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রীন হিল’-এর অংশীদারিত্বে জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত “প্রজনন স্বাস্থ্য (মাতৃ ও শিশু স্বাস্থ্য) সুরক্ষায় বান্দরবান পার্বত্য জেলার সুবিধাবঞ্চিত দরিদ্র নারীদের জন্য ধাত্রী শিক্ষা সম্প্রসারণ ও সেবা কার্যক্রম জোরদারকরণ প্রকল্প”-এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনিযুক্ত মিডওয়াইফদের হাতে নিয়োগপত্র তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানাজামা লুসাই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক ডা. সানাইপ্রু ত্রিপুরা, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী অফিসার মুহা. আবুল মনসুর, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. লেনিন তালুকদার এবং গ্রীন হিলের নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর জেলা পরিষদ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করলেও স্বাস্থ্য খাতে তার পরিধি তুলনামূলক কম ছিল। দুর্গম পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় ইউএনএফপিএ (UNFPA)-এর সহযোগিতায় জেলা পরিষদকে সঙ্গে নিয়ে এই বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে নবনিযুক্ত মিডওয়াইফরা মাঠপর্যায়ে কাজের নানা অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও গ্রীন হিলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মংছিংপ্রু মার্মা, লামা (বান্দরবান) প্রতিনিধি: 




















