
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে তিনটহরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় তিনটহরী বাজার প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনটহরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুর ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বলেন, খাগড়াছড়ি আসনের এমপি, অবিসংবাদিত নেতা ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার নেতৃত্বে খাগড়াছড়ির প্রতিটি উপজেলায় বিএনপি সুসংগঠিত।
তৃণমূলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেই আগামীর মানিকছড়ি গড়ে তোলা হবে। সকল বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তৃণমূলই বিএনপির মূল শক্তি, আর এই শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ মানিকছড়ি গড়া হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন বলেন, “নবগঠিত কমিটি মানিকছড়িতে দলকে নতুন গতি এনে দেবে। আমরা প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সংগঠনকে সুসংগঠিত করেই এগিয়ে যাবো।”
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা মাস্টার আবুল কাশেম, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা দলের নতুন নেতৃত্বকে স্বাগত জানান এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা শেষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে নবগঠিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
মোঃ আলমগীর হোসেন 




















