
বান্দরবানের থানচি উপজেলায় কাজুবাদাম চাষিদের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ও বাজার অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ‘সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং ফর দ্য কাজু ফার্মার্স ইন দ্য থানচি অ্যান্ড রুমা’ দুই উপজেলা সমন্বয়ের প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)-এর সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বলীপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এ সভার আয়োজন করে।

বিএনকেএসের উপ-পরিচালক উবানু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নঈম বিন শাহজাহান, থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন।
সভায় জানানো হয়, তিন বছর মেয়াদি এ প্রকল্পের মূল লক্ষ্য কাজুবাদাম চাষিদের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। প্রকল্পের আওতায় চাষিদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য শিক্ষাবৃত্তি প্রদান, স্বাস্থ্যসম্মত গণশৌচাগার নির্মাণ, জিএসএফ পাইপের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, স্বাস্থ্য শিবিরের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান, কৃষকদের জন্য স্প্রে মেশিনসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহায়তা এবং বিভিন্ন জাতীয় দিবসে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফয়সাল বলেন, “পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপদ অবকাঠামো নির্মাণ এবং আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে এবং যথাযথভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”

বক্তারা বলেন, প্রকল্পের আওতায় নিরাপদ অবকাঠামো নির্মাণ ও কৃষিভিত্তিক মূল্য শৃঙ্খলের উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগণের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানচি থানার প্রতিনিধি, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদদাতা: 




















