
রাঙামাটির রাজস্থলী উপজেলায় সম্প্রতি টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আমন ধান ও বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এই প্রণোদনা সামগ্রী তুলে দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
তিনি বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে এবং কৃষি উৎপাদন সচল রাখতে সরকার এই উদ্যোগ নিয়েছে। সঠিক নিয়মে বীজ রোপণ করে কৃষকরা লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯নং রাঙামাটি আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আবুল হাশেম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান।
এসময় উপজেলার তিনটি ইউনিয়নের ৩৫০ জন কৃষককে ধানের বীজ এবং ২০০ জন কৃষককে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়।
সুমন খান, রাজস্থলী সংবাদদাতা: 




















