
নীলফামারীর কিশোরগঞ্জে গোয়ালঘরে গৃহপালিত গরুর লাথিতে আরেফা বেগম (৩৫) নামে এক কিন্ডারগার্টেন শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরেফা বেগম ওই গ্রামের চাকরিজীবী এজানুর রহমানের স্ত্রী এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্কুল থেকে ফিরে সংসারের কাজে হাত দেন আরেফা বেগম। বিকালে গোয়ালঘর পরিষ্কার ও গৃহপালিত গরুকে খাবার দিতে যান তিনি। এ সময় হঠাৎ একটি গরু ক্ষিপ্ত হয়ে তাঁকে সজোরে লাথি দেয়। শিংয়ের প্রচণ্ড আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পেশায় শিক্ষিকা হলেও সংসারের গৃহপালিত পশুগুলোর যত্ন তিনি নিজেই নিতেন। তাঁর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, খবরটি পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী 



















