
২৭ আগস্ট ২০২৬: উৎসবমুখর পরিবেশে বান্দরবানের আলীকদম উপজেলায় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৩ নং নয়াপাড়া ইউনিয়ন ফুটবল দলকে ১–০ গোলে পরাজিত করে ১ নং আলীকদম সদর ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফরহাদুর রহমান, পিএসসি, জোনের উপ-অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়, পিএসসি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, ৩ নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, আলীকদম সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বর্তমান সদস্য আব্দুল মুবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।
ফাইনাল খেলাকে ঘিরে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। প্রিয় দলের সমর্থনে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
শেষ পর্যন্ত ১–০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে আলীকদম সদর ইউনিয়ন ফুটবল দল।
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: 




















