
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খাসপুকুর পাড়ের জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে অন্তত ৬ জন গুরুতর জখম হন । এরা হলেন, ফরিদ উদ্দিন (৩৫), আকতার বেগম (৪০), রাশিদা বেগম (৩৮), সামীয়া বেগম (১৮), সাকাওয়াত (৩২), মুসলিমা বেগম (২৮) সাং- জাহানপুর ।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খাস পুকুর পাড় সংলগ্ন একটি জমির মালিকানা ও ভোগদখল নিয়ে স্থানীয় দুইটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে এক পক্ষ ওই বিরোধপূর্ণ জমিতে রোপণ করা পাটগাছ কাটতে যায়। এতে অন্য পক্ষ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে তীব্র বাগবিতন্ডা ও একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, দা, ছেনি ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং উভয় পক্ষের অন্তত ২০ জন গুরুতর জখম হন। সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত ও আহতদের উদ্ধার করে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতদের অনেকের মাথায়, হাত-পায়ে এবং শরীরে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। গুরুতর আহত ৬ কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ জানান, খাস পুকুর পাড়ের জমির বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের
ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এক পক্ষে থেকে সফিউল্লাহ মেম্বার নামে একজন বাদি হয়ে লিখিত অভিযোগ দিয়েছে। এখন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক (চরফ্যাশন): 




















