
সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুতের অপচয় রোধে রাজস্থলী উপজেলায় রাত ৮টার মধ্যে সব ধরনের আলোকসজ্জা, আলোকিত বিলবোর্ড, শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে বিশেষ বাজার মনিটরিং পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সরেজমিনে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি

মনিটরিংকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ীদের সরকারি আদেশ কঠোরভাবে মেনে চলার জন্য সতর্ক করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারের এই জনগুরুত্বপূর্ণ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জনস্বার্থের কথা বিবেচনা করে খাবারের দোকান, হাসপাতাল এবং ফার্মেসী এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে জানান তিনি।
বাজার মনিটরিংয়ের সময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী এবং বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এছাড়াও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
সুমন খান, রাজস্থলী সংবাদদাতা: 




















