
লামা উপজেলার লামা – সুয়ালক সড়কের গজালিয়া ডিসি রোড নামক স্থান থেকে একজন রাবার শ্রমিককে তুলে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসী দল। জানাযায়, ২ আগস্ট রোববার রাত ৮টার দিকে সন্ত্রাসীরা চাঁদের গাড়িযোগে এসে বিদ্যা মনি ত্রিপুরা নামের একজন রাবার শ্রমিককে তুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাযায়, রাত ৮টার দিকে একটি চাঁদের গাড়িতে করে একদল সশস্ত্র সন্ত্রাসী ডিসি রোড এলাকায় আসে। তাদের হাতে ভারী অস্ত্র ছিল এবং পরনে ছিল সবুজ বা ফ্যাকাশে রঙের পোশাক। তারা দোকান থেকে রাবার বাগানের শ্রমিক ও সেই এলাকার বাসিন্দা মোঃ রুবেলকে তুলে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর সশস্ত্র গ্রুপ রুবেলকে গাড়ি থেকে নামিয়ে দেয়।
অপহৃত শ্রমিক বিদ্যামনী ত্রিপুরা, গজালিয়া হাশেম এর রাবার বাগানে টেপার হিসেবে চাকরি করেন।
সন্ত্রাসীদের কবল থেকে ছাড়া পাওয়া মোঃ রুবেল জানান, দলে আনুমানিক ১২ থেকে ১৩ জন সদস্য ছিল।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত তথ্য যাচাই এবং নিখোঁজ শ্রমিকের সন্ধানে কাজ চলছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
ঘটনার বিষয়ে গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, “আমরা লোকমুখে বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছি।”

সরই পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা শাহরিয়ার স্ট্যালিন জীবন বলেন, “সাধারণ মানুষের ভাষ্যমতে বর্ণিত চাঁদের গাড়িটি সরই কেয়াজুপাড়া বাজার অতিক্রম করে টংকাবতীর দিকে চলে গেছে। তবে বাজারে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। বিষয়টি নিয়ে আমরাও কাজ করছি।”
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ বলেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনার বিষয়ে জানতে রাবার বাগানের মালিক হাশেমের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
সংবাদদাতা 




















