
দুর্গম পাহাড়ি অঞ্চলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের উদ্যোগে বান্দরবানের আলীকদম উপজেলার বিদ্যমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দুর্গম ভৌগোলিক অবস্থান, সীমিত স্বাস্থ্যসেবা অবকাঠামো এবং প্রতিকূল যোগাযোগ ব্যবস্থার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত স্থানীয় জনগণের জন্য আয়োজিত এ ক্যাম্পে আলীকদম সেনা জোনের মেডিকেল অফিসার ও চিকিৎসক দল স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এতে মোট ২১৭ জন নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ১৭ ইসিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আল হাসান, পিএসসি। এছাড়া উপস্থিত ছিলেন আলীকদম উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দুর্গম পাহাড়ি অঞ্চলের কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্গম এলাকায় নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এম রুহুল আমিন 




















