
বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন একটি পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন; ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে মোঃ জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার মোঃ চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের যৌথ তল্লাশি অভিযানে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে মোট ১০ জনের একটি পর্যটক দল ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছান। পরদিন বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা বগালেক এলাকায় এসে একটি কটেজে রাত্রিযাপনের জন্য ওঠে।
পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে পর্যটক দলটি বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে দলের আটজন সদস্য ফিরে আসলেও, জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান।
তাদের সাথে থাকা গাইড মোঃ ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি তাৎক্ষণিকভাবে বগালেক আর্মি ক্যাম্পে জানান। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়।
দীর্ঘ তল্লাশি শেষে বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন একটি পাহাড়ি খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার সক্ষম হন তল্লাশি দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়া বলেন, “বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
এই ঘটনাটির বিষয়ে স্থানীয়রা বলছেন, অতিরিক্ত গতি, পাহাড়ি পথ সম্পর্কে ধারনা না থাকায় এই যুগল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যেতে পারেন।
নিজস্ব সংবাদদাতা 




















