
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য, পুষ্টি, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (WASH) সেবা জোরদারে বাস্তবায়নাধীন ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। উপজেলা কো-অর্ডিনেটর মিহির কান্তি ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প পরিচালক বিনোদন ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন, উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের উপ-প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা, FIVDB-এর প্রতিনিধি অনিরুদ্ধ কুমার সরকার, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিনিয়র নিউট্রিশন অফিসার রিমি চাকমা এবং জীবিকায়ন কর্মকর্তা মালাখিন মারমা, মনিটরিং অফিসার শুভ রঞ্জন ত্রিপুরা প্রমুখ।

সভায় জানানো হয়, প্রকল্পটির লক্ষ্য হলো সমন্বিত পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং WASH কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পাঁচ বছরের কম বয়সী ঝুঁকিপূর্ণ শিশু ও তাদের পরিবারের পুষ্টি, স্বাস্থ্যগত সক্ষমতা ও সার্বিক জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা।
বক্তারা বলেন, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কেউ যেন এসব সেবা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
মোঃ আল আমিন 




















