
রাঙামাটির লংগদু উপজেলার বন্যা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল। আজ (বুধবার) সফরকালে তিনি বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। জনভোগান্তি কমাতে দ্রুততম সময়ের মধ্যে বন্ধ থাকা নানিয়ারচর-লংগদু সড়ক সচল করার আশ্বাস দেন তিঁনি।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে লংগদু উপজেলা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে জরুরি ত্রাণ সামগ্রী তুলে দেন পার্বত্য প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, “বিএনপি জনগণের রাজনীতি করে, কারণ জনগণই এ দেশের একমাত্র মালিক। দেশের এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শক্ত হাতে হাল ধরেছেন। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে আগামী পাঁচ বছরে লংগদু উপজেলার উন্নয়নে কোনো ঘাটতি থাকবে না।”
তিঁনি আশ্বাস দিয়ে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার প্রতিটি ইউনিয়নের একটি পরিবারও ত্রাণ থেকে বঞ্চিত হবে না; পর্যায়ক্রমে সবার মাঝেই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল করার ওপর জোর দিয়ে তিঁনি বলেন, নানিয়ারচর থেকে লংগদু সড়কটি দ্রুততম সময়ের মধ্যে মেরামত ও যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এ সময় প্রতিমন্ত্রীর সাথে অন্যান্যেদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।
এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ গোলামুর রহমান 




















