
মোঃ আল আমিন:-
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৩৫০ জন কৃষকের মধ্যে ফলজ গাছের চারা, জৈব সার ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় দীঘিনালা হর্টিকালচার সেন্টারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন, দীঘিনালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহেল রানা এবং কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম।
কর্মসূচির আওতায় উপজেলার ৩৫০ জন কৃষকের প্রত্যেককে পাঁচটি করে ফলজ গাছের চারা দেওয়া হয়। বিতরণ করা চারাগুলোর মধ্যে ছিল আম, লিচু, মালটা, আমড়া ও সুপারি। এ ছাড়া গাছের পরিচর্যার জন্য জনপ্রতি সাড়ে সাত কেজি জৈব সার এবং প্রয়োজনীয় খুঁটি দেওয়া হয়। সব মিলিয়ে ১ হাজার ৭৫০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তারা বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

চারা পাওয়া কৃষকেরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের আশা, চারাগুলো সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তুলতে পারলে পারিবারিক পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
Reporter Name 




















