
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর শামীম ও তাঁর স্ত্রীর কথোপকথনের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে ধর্ম অবমাননাকর মন্তব্য রয়েছে—এমন অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শামীমের বাড়িতে হামলা চালানো হয়।
পরদিন ১৩ অক্টোবর স্থানীয় বাজারে এক পল্লিচিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিতে গেলে একদল লোক তাঁকে মারধর করে। পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাত সাড়ে আটটার দিকে ফজলুল হক আমিনীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে হাসপাতালে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। সেখান থেকে শামীমকে বের করে আবারও মারধর করা হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় শামীমের বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ফজলুল হক আমিনীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেবহাটা থানায় হস্তান্তর করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা 



















