
তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। দেশের উত্তরাঞ্চলে তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে তিনি ডালিয়ায় অবস্থিত দেশের বৃহত্তম এই সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাবের) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্য সংকট এবং সেচ প্রকল্পের বাস্তব কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে স্থানীয় কৃষকদের ওপর সৃষ্ট প্রভাব সম্পর্কে তাঁকে বিস্তারিত জানানো হয়।
মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূত আঞ্চলিক পানি ব্যবস্থাপনা এবং তিস্তা অববাহিকার নদীমাতৃক জনপদের সামাজিক-অর্থনৈতিক অবস্থার প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী 



















