
চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত গুলিবিনিময়ের পর অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মোবারক স্থানীয়ভাবে ‘ডেবিট ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত। তাকে ‘গলাকাটা মোবারক’ নামেও ডাকা হয় বলে জানা গেছে।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় ফটিকছড়ি থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায় বলে জানায় পুলিশ।
একপর্যায়ে অস্ত্রসহ মোবারককে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে অভিযানের সময় আর কেউ আটক হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, মোবারক নামের একজনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুহাম্মদ আজিজ, ফটিকছড়ি (চট্টগ্রাম): 



















