
কক্সবাজার রামুর কচ্ছপিয়া এলাকায় সিএনজির চাকায় পেঁচিয়ে অভিনব কৌশলে পাচারের সময় ১৮ হাজার বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক চালককে আটক করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি।
শনিবার (২২ আগস্ট) বিকেলে কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া এলাকার রুপনের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনিসুর রহমান ও এসআই মোঃ শাহরিয়ার কালামের নেতৃত্বে একটি দল ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজিসহ চালককে আটক করা হয়।

পরে পুলিশ ফাঁড়িতে নিয়ে সিএনজির চাকা পরীক্ষা ও তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হানজালা (২২), তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে আরও দুই থেকে তিনজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে তাদের শনাক্তে কাজ চলছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। যে-ই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”
নিজস্ব সংবাদদাতা(কক্সবাজার) রামু: 




















