
রাঙামাটির বরকল উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন ” স্বপ্নচূড়া”।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আজম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন

স্থানীয় সামাজিক সংগঠন স্বপ্নচূড়া-এর উদ্যোগে এবং প্রচেষ্টা ফাউন্ডেশন-এর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, লবণ, আলু, বিস্কুট ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত বন্যায় এলাকার অনেক পরিবার খাদ্যসংকট ও দুর্ভোগের মধ্যে রয়েছে। তাদের জরুরি প্রয়োজন বিবেচনায় মানবিক সহায়তার অংশ হিসেবে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণে স্বপ্নচূড়ার স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে সহায়তা প্রদান করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বন্যাকবলিত মানুষের পাশে থাকতে খাদ্য সহায়তা ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, পানিবন্দি মানুষের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হচ্ছে।
বিজ্ঞাপন

স্বপ্নচূড়ার সদস্যরা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের মানবিক কার্যক্রম চলমান থাকবে। ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
মোঃ তসলিম উদ্দিন 




















