
খাগড়াছড়ির দীঘিনালায় কমিউনিটি ও বিদ্যালয়ের পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণে দক্ষতা বাড়াতে ১৬ জন কেয়ারটেকারকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তৃণমূল উন্নয়ন সংস্থার (TUS) বাস্তবায়নে হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতা এবং charity: water-এর সহায়তায় I-WASH প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে দীঘিনালা ও কবাখালী ইউনিয়নের ছয়টি কমিউনিটি এবং দুটি বিদ্যালয়ের কেয়ারটেকাররা অংশ নেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া ১৬ জনের মধ্যে কমিউনিটি পর্যায়ের ১২ জন এবং বিদ্যালয় পর্যায়ের চারজন কেয়ারটেকার ছিলেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (DPHE) টিউবওয়েল মেকানিক মংথোয় মারমা।
প্রশিক্ষণে পানি সরবরাহ ব্যবস্থার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, টিউবওয়েলের বিভিন্ন যন্ত্রাংশ, পানির পাইপলাইন, ট্যাপ, ভালভ ও ফিটিংস মেরামত, সোলারচালিত পানি সরবরাহ ব্যবস্থার পরিচালনা এবং পানির সংরক্ষণ ট্যাংক পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে কাজ শেখানোর পাশাপাশি ফিল্ড পর্যায়ে নিয়ে গিয়ে বাস্তব পানি সরবরাহ অবকাঠামো পরিদর্শন করানো হয়। এ সময় পানির লাইনের সমস্যা, টিউবওয়েলের ত্রুটি শনাক্তকরণ এবং ছোটখাটো মেরামতের পদ্ধতি দেখানো হয়।
আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে কেয়ারটেকারদের কারিগরি দক্ষতা বাড়ার পাশাপাশি নিজ নিজ কমিউনিটি ও বিদ্যালয়ের পানি সরবরাহ ব্যবস্থার ছোটখাটো সমস্যা নিজেরাই শনাক্ত ও সমাধানের সক্ষমতা তৈরি হবে। এতে পানি সরবরাহ অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করা সহজ হবে।
তাঁরা আরও জানান, প্রশিক্ষণপ্রাপ্ত কেয়ারটেকারদের দক্ষতা ধরে রাখতে নিয়মিত ফলোআপ, কারিগরি সহযোগিতা এবং ভবিষ্যতে আরও ব্যবহারিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আল আমিন, (খাগড়াছড়ি) দীঘিনালা প্রতিনিধি: 



















