
কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধু জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মঞ্জিল মিয়া (৬৫) ও তার ছেলে মো. রবি (৩৭), আমিনুল (৩০), শহিদ (৫৫), মাহবুব (৩৫), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)।
রায় ঘোষণার সময় সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন। এ তথ্য জানিয়েছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।
মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন জ্যোৎস্না বেগম ও আসামিরা। বাড়িতে রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে জ্যোৎস্না বেগমের বিরোধের সূত্রপাত হয়।
এ নিয়ে একাধিকবার চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও তা সরানো হয়নি। ঘটনার দিন চুলার ধোঁয়া নিয়ে কথা বলতে গেলে কলি ও মঞ্জিলের সঙ্গে জ্যোৎস্নার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন। পরে আসামিরা উত্তেজিত হয়ে জ্যোৎস্নাকে মারধর করেন। এ সময় তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে আঘাত করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।
পরে স্বজন ও স্থানীয়রা তাদেরকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় জ্যোৎস্না বেগমকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়।
এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন।
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ 



















