
খুলনায় একই রাতে ট্রেনের একটি বগি ও বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে থাকা ব্যানারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে খুলনা রেলস্টেশনের কাছে ট্রেনের একটি বগিতে আগুন লাগে। এরপর মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থাকা একটি ব্যানারে আগুন দেয় দুর্বৃত্তরা।
দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের বগির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
খুলনা রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ট্রেনটি খুলনায় পৌঁছায়। পরে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ওয়াশফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে একটি বগিতে আগুন লাগে। বগিটির নম্বর এস-৫২২৫। খবর পেয়ে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত আগুন নেভান।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ওয়াশফিল্ডে নেওয়ার পথে ট্রেনের একটি বগিতে আগুন লাগে। পরে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, মঙ্গলবার ভোরে বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থাকা একটি ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দারোগার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় মোটরসাইকেলে করে দুই যুবক কার্যালয়ের সামনে আসে। কিছুক্ষণ পর তারা সেখানে থাকা ব্যানারে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুজনের মুখে মুখোশ থাকায় তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, দুই যুবক ব্যানারে আগুন দিয়ে চলে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
নিজস্ব প্রতিবেদক, খুলনা 



















