
রাঙামাটির কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় বড়ইছড়ি সদর জগন্নাথ মন্দিরের পুরোহিত রনধীর চক্রবর্তী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মন্দির থেকে নেমে সড়কে আসার পর ঘাগড়া থেকে বড়ইছড়িগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। তাঁর মাথা ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বড়ইছড়ি সদর জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ কুমার দে ও সাধারণ সম্পাদক উত্তম মল্লিক জানান, দুর্ঘটনায় পুরোহিত রনধীর চক্রবর্তীর মাথা ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, আহত পুরোহিতকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। পুরোহিতের মাথা ও পায়ে আঘাত লেগেছে বলে তিনি জানান।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।
ঝুলন দত্ত: সিনিয়র রিপোর্টার কাপ্তাই রাঙ্গামটি 



















