
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ আয়োজনে এই দিবসটি উদযাপন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলার চরমানিকা নতুন বাজারের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক অবতীর্ণ করে উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও দুর্যোগকালীন করণীয় নিয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। দিবসের মূল লক্ষ্য ছিল দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের পূর্বপ্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো এমাদুল হোসেন। তিনি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সচেতনতার ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ,জি এম ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), চরফ্যাশন,কে এম মাহতাবুল বারী (সিপু), সহকারী পরিচালক, ঘূর্ণিঝড প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), চরফ্যাশন,মো খোরশেদ আলম, ফায়ার সার্ভিস অফিসার, চরফ্যাশন।এস এম এনায়েত মিয়া, টিম লিডার, চরমানিকা ইউনিয়ন সিপিপি।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওর প্রতিনিধি, উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা) 



















