
নেত্রকোনার মোহনগঞ্জের কংস নদের পাড়ের জঙ্গল থেকে ফজলুল রহিম কাজল (৫৫) নামের এক সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির গলায় রশি পেঁচানো ছিল।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিরামপুর গ্রামসংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহত ফজলুল রহিম কাজল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাকীয়াজড় গ্রামের মৃত জবান আলীর ছেলে। দুই বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর তিনি নিজ এলাকায় একটি সৌরবিদ্যুৎ প্রকল্পে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর সকালে সৌরবিদ্যুৎ প্রকল্পের টাকা তুলতে ব্যাংকের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কাজল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে কংস নদের পাড়ে গরু চড়াতে গিয়ে এক ব্যক্তি দুর্গন্ধ পান। পরে খোঁজাখুঁজি করে জঙ্গলের একটি গাছের মগডালে হেলান দেওয়া অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরবর্তীতে মোহনগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের বড় ভাই ফজলুল করিম বুলবুল বলেন, “ব্যাংক থেকে টাকা তোলার উদ্দেশ্যে ৭ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি কাজল। টাকা ব্যাংক থেকে তোলা হয়েছিল কি না, তা আমরা জানি না। এটি কোনো আত্মহত্যা হতে পারে না। লাশটি গাছের ডালে বসিয়ে রাখা অবস্থায় ছিল, ঝুলন্ত ছিল না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন জানান, লাশের গায়ে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং পরিধেয় বস্ত্রও স্বাভাবিক ছিল।
ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।
মোহনগঞ্জ প্রতিনিধি: 



















