
ইসরাইলের ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার কলারোয়ার শ্রীপতিপুর গ্রামের শুভ দাসের মরদেহ পৌঁছেছে নিজ বাড়িতে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নিহত হওয়ার তিন মাস ২৫ দিন পর মরদেহ তার বাড়িতে পৌঁছায়। শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকায়। ছুটে আসেন গ্রামবাসী ও স্বজনরা।
এর আগে চলতি বছরের ১১ মে লেবানন এর দক্ষিনাঞ্চলে সংঘাতপূর্ণ এলাকায় ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। তিন ভাই ও এক বোনের মধ্যে শুভ দাস দ্বিতীয়। নিহত হওয়ার আড়াই বছর আগে লেবানন গিয়েছিলেন হতদরিদ্র পরিবারের শুভ দাস।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের খুলনা বিভাগীয় অফিসের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে ৮৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। চলতি মাসে আরো ৩ লাখ ও কয়েক মাস পর জীবন বীমার পক্ষ থেকে আরও ১০ লাখ টাকা অনুদান পাবেন পরিবারটি।
ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে থাকা সাতক্ষীরার মোট তিনজন নিহত হন। অপর দুইজন আশাশুনির নাহিদুল, সদরের ভালুকা চাদপুরের শফিকুল ইসলাম। তাদের দুইজনের মরদেহ আগেই ফিরেছিল নিজ বাড়িতে।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা 



















