
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে স্মৃতিচারণ ও কুশল বিনিময় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মো. সেলিম, মো. ইউসুফ আলী ও মো. গিয়াসউদ্দীন।
এ সময় দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, ১৪ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. আশরাফ হোসেন সিদ্দিক, ১৭ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. এফতেখারুল ইসলাম, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম সফি ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আল আমিন, (খাগড়াছড়ি) দীঘিনালা প্রতিনিধি: 




















