
বান্দরবানের আলীকদমে জুমচাষের কাজ করার সময় বন্য শূকরের আক্রমণে তিনজন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চুংরুই পাড়ায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। অপর একজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
আহত ব্যক্তিরা হলেন নিয়াচং ম্রো (৫৮), তাঁর বাবা মেনরাই ম্রো; লুরিং ম্রো (২৮), তাঁর বাবা চংরুং ম্রো এবং মেনরু ম্রো, তাঁর বাবা বাইহই ম্রো। তাঁদের মধ্যে নিয়াচং ম্রোর বুকে গুরুতর আঘাত লেগেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে চুংরুই পাড়ার জুমে কাজ করছিলেন ওই তিন ব্যক্তি। এ সময় হঠাৎ একটি বন্য শূকর তাঁদের ওপর আক্রমণ করে। এতে তাঁরা আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। আহত তিনজনের মধ্যে দুজনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়। অপর আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়নি। তিনি কুরুকপাতা ইউনিয়নের পাশের ভোলাইপাড়া ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন।
এলাকার জনপ্রতিনিধি চাকনাও ম্রো বলেন, জুমে কাজ করার সময় হঠাৎ বন্য শূকরটি তাঁদের ওপর আক্রমণ করে। এতে তিনজন আহত হন। দুর্গম পাহাড়ি এলাকায় এমন ঘটনায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জংরাই ম্রো বলেন, আহত ব্যক্তিরা তাঁর চাচা। বন্য শূকরের আক্রমণে তাঁরা আহত হয়েছেন খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেন। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান মিশকাত বলেন, আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।
এদিকে আহত ব্যক্তিদের দেখতে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্থানীয় এনজিওকর্মী মাংপা ম্রো। তিনি তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মাংপা ম্রো বলেন, পাহাড়ি এলাকায় বন্য প্রাণীর আক্রমণে সাধারণ মানুষের আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। আহত ব্যক্তিদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে সবার সহযোগিতা প্রয়োজন।
আলীকদম সদর ইউনিয়ন বিএনপির সদ্য বিদায়ী সভাপতি আবুল কালাম বলেন, পাহাড়ি জনপদের মানুষের জীবন-জীবিকা অনেকটাই প্রকৃতির ওপর নির্ভরশীল। জুমচাষ করতে গিয়ে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন। দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।
জিয়া উদ্দিন জুয়েল, আলীকদম (বান্দরবান): 



















