
নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকারকে অপসারণ করে প্রশাসক নিয়োগ এবং দ্রুত ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়নটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ মানববন্ধনে ব্যানার ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে চাঁনপুর ইউনিয়নের প্রায় শতাধিক বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০১১ সালে চাঁনপুর ইউনিয়ন পরিষদে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে সীমানা নির্ধারণ ও ভোটারসংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে ইউনিয়নটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ২০১৬ সালে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও মামলাসংক্রান্ত জটিলতায় পরবর্তী সময়ে নির্বাচন স্থগিত হয়ে যায়।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ইউনিয়নবাসী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি বর্তমান চেয়ারম্যান মোমেন সরকার নিয়মিত পরিষদ কার্যালয়ে উপস্থিত না থাকায় সাধারণ মানুষ প্রয়োজনীয় নাগরিক সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের দাবি, চেয়ারম্যান এলাকার বাইরে অবস্থান করায় চাঁনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে।
এ ছাড়া একাধিক ইউপি সদস্যের মৃত্যুতে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতেও জনপ্রতিনিধির শূন্যতা সৃষ্টি হয়েছে বলে জানান বক্তারা। এতে ইউনিয়নের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে বর্তমান চেয়ারম্যান মোমেন সরকারকে অপসারণ করে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবি জানান। একই সঙ্গে আইনি ও সীমানাসংক্রান্ত জটিলতা নিরসন করে রায়পুরার অন্যান্য ইউনিয়নের সঙ্গে চাঁনপুর ইউনিয়নেও দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে চাঁনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এসব দাবি উল্লেখ করে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়া, জনপ্রতিনিধির শূন্যতা এবং নাগরিক সেবা নিয়ে ইউনিয়নবাসীর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী 




















