
চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাসপাতালে গিয়ে প্রতিমন্ত্রী আহত নেতাকর্মীদের শয্যাপাশে কিছু সময় কাটান। তাঁদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। আহতদের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। চিকিৎসায় কোনো ধরনের ত্রুটি বা অবহেলা যেন না হয়, সে বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন আহত নেতাকর্মীদের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গেও কথা বলেন। তাঁদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সুচিকিৎসা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। চিকিৎসার ব্যয়সহ যেকোনো প্রয়োজনে সরকার ও দল তাঁদের পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদদাতা: 



















