
চুরি হওয়ার পর চিত্রকর্মটির রং ও নকশা বদলে দেওয়া হয়েছিল। ছবিতে থাকা ধর্মীয় প্রতীক সরিয়ে সেখানে যোগ করা হয়েছিল নতুন উপাদান। উদ্দেশ্য ছিল, যেন মূল শিল্পকর্মটি আর চেনা না যায়। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চোখ এড়াতে পারেনি সেই পরিবর্তন। ইতালিতে এআই প্রযুক্তির সহায়তায় ২০ বছর আগে চুরি হওয়া একটি ঐতিহাসিক চিত্রকর্ম শনাক্ত করে উদ্ধার করেছে পুলিশ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের অক্টোবরে ইতালির পারমা শহরে একটি পুরাকীর্তি মেলায় নিয়মিত পরিদর্শনের সময় চিত্রকর্মটি শনাক্ত হয়। পরে তদন্ত ও বিশেষজ্ঞদের পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এটি ২০০৪ সালে চুরি হওয়া ১৭শ শতকের সেন্ট অ্যাগনেসের চিত্রকর্ম।
২০২৪ সালের অক্টোবরে পারমায় বার্ষিক পুরাকীর্তি মেলায় বিভিন্ন স্টলে রাখা শিল্পকর্মের ছবি তুলছিলেন ইতালির সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষাবিষয়ক পুলিশ ইউনিটের সদস্যরা। এটি ছিল তাদের গোয়েন্দা কার্যক্রমের অংশ। সংগৃহীত ছবিগুলো পুলিশের অভ্যন্তরীণ ডেটাবেজে আপলোড করা হয়।
কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা একটি ছবিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে। ছবিতে অ্যাকুয়ামেরিন ও লাল রঙের পোশাক পরা এক তরুণীকে দেখা যাচ্ছিল। তার হাতে ছিল আংশিক খোলা একটি পাণ্ডুলিপি।
পরদিন পুলিশ দ্রুত মেলায় গিয়ে চিত্রকর্মটি জব্দ করে। এরপর শিল্পকর্ম বিশেষজ্ঞরা সেটি পরীক্ষা করেন। ইতালির সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষাবিষয়ক পুলিশ ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল সালভাতোরে রাপিকাভোলি জানান, ছবির পাণ্ডুলিপিসহ কয়েকটি বৈশিষ্ট্য তদন্তকারীদের সন্দেহ বাড়িয়ে দেয়। তার ভাষায়, ‘কিছু একটা ঠিক মনে হচ্ছিল না।’
মূল চিত্রকর্মে তরুণীটির হাতে পাণ্ডুলিপির বদলে ছিল একটি ছোট সাদা মেষশাবক ও পামগাছের ডাল। তার মাথার ওপর ছিল জ্যোতির্বলয়। এসব উপাদান সেন্ট অ্যাগনেসের ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত।
চুরির পর ছবিটিকে কম চেনা যায় এমন রূপ দিতে এর ওপর নতুন করে রং করা হয়েছিল বলে ধারণা করা হয়। মেষশাবকটিকে পাণ্ডুলিপির মতো দেখানো হয়। একই সঙ্গে মুছে দেওয়া হয় জ্যোতির্বলয় ও পামগাছের ডাল। ফলে ছবির মূল পরিচয় আড়াল হয়ে যায়।
তবে রং ও নকশায় পরিবর্তন আনা হলেও ছবির সামগ্রিক বিন্যাস ও দৃশ্যগত বৈশিষ্ট্যের মিল শনাক্ত করতে সক্ষম হয় এআই ব্যবস্থা। এর সূত্র ধরেই চিত্রকর্মটি উদ্ধারের পথ খুলে যায়।
তদন্তে জানা যায়, প্রায় এক মিটার উঁচু ১৭শ শতকের এই চিত্রকর্মটি ২০০৪ সালের ১১ আগস্ট রাতে ইতালির সুলমোনার ভারগো পোটেনস গির্জা থেকে চুরি হয়েছিল। পারমার ওই মেলা থেকে গির্জাটির দূরত্ব ৫০০ কিলোমিটারের বেশি।
চিত্রকর্মটি শনাক্তে ব্যবহৃত প্রযুক্তির নাম ‘স্টোলেন ওয়ার্কস অব আর্ট ডিটেকশন সিস্টেম’ (সোয়াডস)। ২০২০ সালে এ ব্যবস্থা তৈরির পরিকল্পনা করা হয়। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, রং ও আকৃতির পাশাপাশি শিল্পকর্মের বিভিন্ন দৃশ্যগত বৈশিষ্ট্যের মধ্যে মিল খুঁজে বের করে ছবিগুলোর তুলনা করতে পারে এটি।
২০২৩ সালের নভেম্বরে ব্যবস্থা চালুর পর থেকে রাপিকাভোলির দলের সদস্যরা এআইয়ের সহায়তায় ৩০০টির বেশি বড় চিত্রকর্ম ও ভাস্কর্য এবং এক লাখ ৬৫ হাজারের বেশি ছোট আকারের ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে সক্ষম হয়েছেন। এসব নিদর্শনের মধ্যে রয়েছে মুদ্রা, পদক, চিঠি, পাণ্ডুলিপি, ডাকটিকিট ও কার্ড। উদ্ধার করা নিদর্শনগুলোর মোট মূল্য ২২৬ মিলিয়ন ডলারের বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি প্রকৌশলী রাপিকাভোলি ২০১৩ সালে ইতালির পুলিশের চুরি হওয়া শিল্পকর্ম উদ্ধারের দলে যোগ দেন। তার মতে, এআই প্রযুক্তির ব্যবহার তদন্তের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। পুরাকীর্তির মেলায় পরীক্ষামূলকভাবে ব্যবস্থাটি ব্যবহার করে তারা এর কার্যকারিতাও দেখতে পেয়েছেন।
চিত্রকর্মটি উদ্ধারের পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০২৫ সালের ২০ মে সুলমোনার ভারগো পোটেনস গির্জায় ফিরিয়ে দেওয়া হয়। সংস্কারের পর এটি আবার আগের জায়গায় স্থাপন করা হবে।
রাপিকাভোলি মনে করেন, সব শিল্পকর্মের মূল্য শুধু অর্থ দিয়ে বিচার করা যায় না। কোটি কোটি ডলারের কোনো বিখ্যাত শিল্পকর্ম না হলেও স্থানীয় মানুষের কাছে সেন্ট অ্যাগনেসের এই ছবির রয়েছে আবেগগত ও ঐতিহ্যগত গুরুত্ব।
দীর্ঘ দুই দশক পর চিত্রকর্মটির ফিরে আসা তাই শুধু একটি চুরির ঘটনার সমাধান নয়; বরং ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারেরও একটি উল্লেখযোগ্য উদাহরণ।
বান্দরবান ট্রিবিউন ডেস্ক: 



















