
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯২.৩৬ ঘনফুট সেগুন কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১৫ হাজার ৬২০ টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার রুপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে সকাল সাড়ে ৮টার দিকে হাবিলদার মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বড়াদম এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯২.৩৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারিরা নানা অভিনব কৌশলে চোরাচালানের চেষ্টা বাড়িয়েছে। তা রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।
মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি প্রতিনিধি: 



















