
গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরার তালা উপজেলার পাকুড়িয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা ঘিরে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো মানুষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে খেশরা ইউনিয়নের হরিহরনগর দক্ষিণপাড়াবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আটটি নৌকা অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় খেশরা ইউনিয়নের কুলপোতা প্রথম এবং সোনাবাঁধাল দ্বিতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সভাপতিত্ব করেন খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মাইনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, নদীর দুই পাড়ে মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে, এখনো নৌকা বাইচের জনপ্রিয়তা রয়েছে। এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণদের মাদক ও জুয়া থেকে দূরে থাকার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা 



















