
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাঘাইহাট জোনের অধীনে থাকা দুইটিলা ক্যাম্পের তত্ত্বাবধানে দক্ষিণ হাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
দিনব্যাপী পরিচালিত এই মানবিক কার্যক্রমে বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব উপস্থিত থেকে চিকিৎসা প্রদান ও পরামর্শ দেন। এ সময় দুইটিলা ক্যাম্পের আওতাধীন দক্ষিণ হাগলাছড়া এলাকা ও এর আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা মোট ১২০ জন পাহাড়ি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা প্রদানকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও সেখানে উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী সূত্র জানায়, পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রান্তিক এলাকায় সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে বাঘাইহাট জোনের পক্ষ থেকে প্রতিনিয়ত এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিপূর্বেও ভূয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক এলাকার এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকার কমিউনিটি ক্লিনিক, ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রূপালী উচ্চ বিদ্যালয় এবং বঙ্গলতলী এলাকায় পর্যায়ক্রমে এই সেবা প্রদান করা হয়েছে।
বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ের অনগ্রসর পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি প্রতিনিধি: 



















