
শরীয়তপুরের জাজিরায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার টিএনটি মোড় ও কাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্র, আইসক্রিম কারখানা ও সরিষার মিল তদারকি করা হয়।
অভিযানে সিলিন্ডার গ্যাস বিক্রির ক্ষেত্রে ক্যাশমেমো ও মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার রাখার অপরাধে মায়ের দোয়া এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা এবং মেসার্স রাসেল এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তবে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করায় অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযানকালে গ্যাসের ডিলার ও খুচরা বিক্রেতারা তাদের ব্যবসায়িক বিভিন্ন সমস্যার কথা কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। ব্যবসায়ীদের অভিযোগ, কোম্পানিগুলো চালানে সিলিন্ডারের মূল্য কম দেখালেও পরিবহনসহ বিভিন্ন খরচের নামে অতিরিক্ত অর্থ আদায় করছে। ফলে নির্ধারিত কমিশন বা লাভের তুলনায় বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে বলে দাবি করেন তারা।
অভিযানে সংশ্লিষ্টরা জানান, নিয়ম অনুযায়ী ১২ কেজি গ্যাস সিলিন্ডার ১ হাজার ৭৪২ টাকায় কিনে সর্বোচ্চ ১ হাজার ৭৯২ টাকায় বিক্রির কথা। কিন্তু পাইকারি পর্যায়েই একই সিলিন্ডার প্রায় ১ হাজার ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর খুচরা পর্যায়ে তা ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, নির্ধারিত সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গ্যাস ডিলার ও সংশ্লিষ্টদের নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। সেখানে ব্যবসায়ীদের সমস্যার পাশাপাশি গ্যাসের মূল্যবৃদ্ধির পেছনে কোনো সিন্ডিকেট বা অনিয়ম রয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাসাধারণের অধিকার রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. বশির আহমেদ এবং জাজিরা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
নিজস্ব প্রতিবেদক, শরিয়তপুর 



















