
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা পুলিশের এক বিশেষ অভিযানে পাইপগান, রামদা ও ছুরিসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) রাত ১২টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্কুল সড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা খোকন চাকলাদার, মাকসুদ কর্মকার এবং তাহের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্কুল সড়ক এলাকার খোকন চাকলাদার বসতবাড়ির একটি পরিত্যক্ত ঘরে একদল ডাকাত দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি বিশেষ চৌকস দল সেখানে আকস্মিক অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে খোকন চাকলাদার, মাকসুদ কর্মকার ও তাহেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তবে অন্ধকার ও ভৌগোলিক পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের সাথে থাকা আরও ৩-৪ জন সহযোগী পালিয়ে যায়।
গ্রেফতারের পর আসামিদের তল্লাশি করে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহƒত একটি পাইপগান, রামদা এবং ধারালো ছুরি উদ্ধার করা হয়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফিরোজ আহম্মদ সংবাদমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সাথে পলাতক বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা) 



















