
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে বান্দরবানের থানচিতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদসহ সংশ্লিষ্টরা।
প্রধান অতিথি মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় যুক্ত হতে হবে। নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
নিজস্ব সংবাদদাতা (বান্দরবান) থানচি: 




















