
কালের বিবর্তনে সিরাজগঞ্জ থেকে যান্ত্রিকতার কল্যাণে হারিয়ে যেতে বসেছে গরুর দিয়ে হালচাষের ঐতিহ্য। দেশের অন্যান্য অঞ্চলের মতো কৃষিতেও আধুনিকতার হাওয়া লেগেছে। দিন দিন নতুন নতুন কৃষিযন্ত্র আবিষ্কারের ফলে সারা দেশ থেকে হারিয়ে যাচ্ছে বাঙালির চিরচেনা গরু-লাঙ্গল দিয়ে জমি চাষের চিত্র।
কৃষিপ্রধান সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে একসময় গরুর লাঙ্গল দিয়ে জমি চাষ আর মই দেওয়ার দৃশ্য ছিল খুবই পরিচিত। বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে নজর পড়লেই দেখা যেত, শত শত কৃষক লোহার ফালাযুক্ত ধারালো লাঙ্গল, কাঠের হাতল এবং বাঁশ বা কাঠের জোয়াল গরুর কাঁধে তুলে দিয়ে জমি চাষ করছেন। সে সময় গরু ছাড়া জমি চাষ করার কথা চিন্তাও করা যেত না। অথচ গরুর লাঙ্গলের সঙ্গে কৃষকের সেই চিরচেনা দৃশ্য এখন আর সহজে দেখা যায় না।
যুগের পরিবর্তন আর আধুনিকতার ছোঁয়ায় গরুর লাঙ্গলের স্থান দখল করে নিয়েছে ট্রাক্টর ও পাওয়ার টিলারের মতো বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি। এখন আর কৃষকদের কাকডাকা কুয়াশাচ্ছন্ন ভোরে জমি চাষ করতে মাঠে যেতে হয় না। কৃষক এখন সুবিধামতো দিনে কিংবা রাতে যেকোনো সময় ট্রাক্টর বা পাওয়ার টিলার নিয়ে মাঠে গিয়ে অল্প সময়ে প্রয়োজনীয় জমি চাষ ও মই দিয়ে ফসল আবাদ করছেন। ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে জমি চাষে পরিশ্রম ও সময় কম লাগলেও ফসলের গুণগত মান এবং স্বাদ কমে গেছে বলে মনে করেন অনেকে। এ ছাড়া জমির উর্বরতাও হ্রাস পাচ্ছে।
কাজীপুর ইউনিয়নের বয়োবৃদ্ধ কৃষক আব্দুস সামাদ জানান, একসময় প্রায় প্রতিটি বাড়ির প্রতিটি ঘরেই গরু লালন-পালন করা হতো। এই গরুগুলো যেন পরিবারের একেকটি সদস্যের মতো ছিল। আর গরু দিয়েই একরের পর একর জমি চাষাবাদ করা হতো।
কামারখন্দের ধলেশ্বর গ্রামের কৃষক কান্টু সরকার বলেন, ‘যাদের গরু কিংবা হাল ছিল না, তাঁরা জমি চাষের জন্য অন্যের জমিতে কাজ বা কামলা দিতেন। বিনিময়ে হাল মালিকেরা তাঁদের জমি চাষ করে দিতেন। এতে চাষের মৌসুমে গরিব কৃষকদের আয়ের একটি ব্যবস্থাও হতো।’
গরু দিয়ে হাল চাষের উপকারিতার কথা বর্ণনা করে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল কাদের মুন্সী বলেন, ‘গরু দিয়ে হাল চাষ করলে জমিতে ঘাস কম হতো। হাল চাষের সময় গরুর গোবর সেই জমিতে পড়ত, ফলে অনেক জৈব সারের কাজ হতো এবং ফসলও ভালো হতো।’ তিনি আরও বলেন, হালের গরুর গোবর তাঁরা বাড়ি থেকে জমিতে দিতেন। এ ছাড়া পরিবেশবান্ধব লাঙ্গল-জোয়াল, গরু ও মই দিয়ে চাষপদ্ধতি গ্রামীণ পরিবেশকে টিকিয়ে রেখেছিল। অতীতে গরু দিয়ে হাল চাষ গ্রামীণ সমাজের কৃষকদের প্রধান অবলম্বন ছিল।
অতীত দিনের জমি চাষের এই মাধ্যম এখন প্রায় বিলুপ্তির পথে। গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখা এখন বেশ দুরূহ। কারণ মানুষ এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতগতির জীবন বেছে নিচ্ছে। তবুও কিছু স্থানীয় কৃষক এই ঐতিহ্য লালন করে তা ধরে রাখার চেষ্টা করছেন। তবে যান্ত্রিকতার দাপটে ঐতিহ্যের এসব কৃষি উপকরণ কৃষকের ঘরে আর কত দিন টিকে থাকবে, তা সময়ই বলে দেবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, ‘গরু ও লাঙ্গল ছিল পরিবেশবান্ধব ও ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। তবে আধুনিক প্রযুক্তির কারণে এখন কম সময়ে ও কম খরচে বেশি ফলন পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে কৃষিতে আরও পরিবর্তন আসবে। তবে আধুনিকতার স্রোতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু দিয়ে হাল চাষ হারিয়ে যেতে বসেছে।’
আগে গরুর জৈব সার দিয়ে বাড়ির আঙিনায় যে শাকসবজি উৎপাদিত হতো, এখন সেগুলোর স্বাদ আর পাওয়া যায় না। তাই গ্রামীণ ঐতিহ্যবাহী গরু দিয়ে হালচাষ ও গরু পালন টিকিয়ে রাখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
সিরাজগঞ্জ সংবাদদাতা: 



















