
বান্দরবানের থানচি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পৃথকভাবে সভা দুটি অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, উপজেলার উন্নয়নমূলক কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় থানচিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।
পরে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় মাদকের বিস্তার রোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, থানচির শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
একটি নিরাপদ ও শান্তিপূর্ণ থানচি গড়ে তুলতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত জরুরি।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
থানচি (বান্দরবান) সংবাদদাতা: 



















