
মো. আল আমিন:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম ধনপাতা ছড়া এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের ধনপাতা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ।
সচেতনতামূলক সভায় প্রধান অতিথি সীমান্তে চোরাচালান, নারী পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পণ্য বা বিদেশি নাগরিক যাতে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সব সময় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা সীমান্ত এলাকায় মাদক পাচার, ভারত থেকে অবৈধভাবে গবাদিপশু আনা এবং পুশ-ইনের মতো বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে এসব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ধনপাতা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে প্রায় ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের জন্য একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। সেখানে রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, “পার্বত্য অঞ্চলের সব মানুষকে সঙ্গে নিয়েই আমরা দেশের সীমান্ত রক্ষা করতে চাই। দুর্গম ধনপাতা ছড়া এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে বিজিবি পাশে থাকবে। সবাই মিলে এই পাহাড়কে নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ রাখতে চাই।”
তিনি আরও বলেন, এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি এবং অন্যান্য জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবির সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 



















